রেলপথমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার নির্দেশিত বার্ষিক কর্ম সম্পাদনের (এপিএ) ক্ষেত্রে একটি টিম হিসেবে কাজ করতে হবে।

মন্ত্রণালয় এবং অধিদফতরের কর্মকর্তারা মিলে টিম হিসেবে কাজ করলে এক্ষেত্রে অধিক সফলকাম হওয়া যাবে। বৃহস্পতিবার (৩০ জুন) রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চুক্তিস্বাক্ষর অনুযায়ী আমরা কি অঙ্গীকার করছি এবং কতটুকু কাজ করেছি তার মূল্যায়ন নিজেদেরই করা দরকার। সরকার টার্গেট নির্ধারিত করে দিয়েছে, কোন টার্গেট না থাকলে সে কাজ সফল হয় না।

আজ মন্ত্রণালয়ের সাথে অধিদফতরের চুক্তি স্বাক্ষর হলো। এভাবে অধিদফতর তার অধীনস্থ দফতরগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর করবে। তবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার, কে কোন কাজ করছে এবং সে কতটুকু সফল ও ব্যর্থ হলো।

এটাতে প্রত্যেকটা অফিসে একটা টার্গেট ঝুলিয়ে রাখা প্রয়োজন, যেন কর্মকর্তা নিয়মিত সেটা দেখতে পারে, তার কতটুকু বাস্তবায়ন হল এবং কতটুকু বাকি আছে।