রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল।

সোমবার (১৩ মার্চ) রাতে আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার ৭ মিনিট পর ৭টা ৫৯ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

পরে আরও ১০টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কেউ হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তির বেলতলা এলাকার অনেকগুলো ঘর পুড়ে যায়।