চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি কারখানায় আগুন লাগে। পাঁচ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিকেল থেকে রাত পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কেমিক্যাল মজুদ থাকায় কিছুক্ষণ পরপরই ঘটছে বিস্ফোরণ, ফলে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

আগুন লাগার খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পরে উদ্ধারকাজে যোগ দেয় নৌবাহিনী ও বিমানবাহিনী। রাত সোয়া ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে নয়তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুনের খবর পেয়ে শ্রমিকরা দ্রুত নিচে নেমে আসেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড একটি দেশি-বিদেশি মালিকানাধীন রপ্তানিমুখী প্রতিষ্ঠান, যেখানে রেইনকোট ও মেডিকেল এক্সেসরিজসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়। কারখানার পাশে পেনিনসুলা ও স্মার্ট জ্যাকেট নামের দুটি পোশাক কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, “আমাদের ১৫টি ইউনিট কাজ করছে। আগুনের উৎস এখনো জানা যায়নি। নৌ ও বিমানবাহিনীর ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন যাতে আশপাশের কারখানায় না ছড়ায়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।