“পুলিশের পোশাকটা শুধু একটা ইউনিফর্ম নয়— এটা একটা দায়িত্ব, একটা শপথ, একটা প্রতিদিনের যুদ্ধ। অন্যদের যখন ছুটি থাকে, তখনও আমাদের পাহারা দিতে হয় শহর; অন্যরা যখন পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠে, তখন আমাদের থাকতে হয় অন্য কারও নিরাপত্তায়। তবু আমরা মুখে বলি না কিছু, কারণ এই পথ আমরা নিজেরাই বেছে নিয়েছি— দেশের জন্য, মানুষের জন্য।

তবে সবচেয়ে কষ্টের জায়গাটা তখনই আসে, যখন সমস্ত দায়িত্ব আর পরিশ্রম সত্ত্বেও আমাদের সঠিক মূল্যায়নটা না হয়। দিনের পর দিন সাহসিকতা, সততা আর পেশাদারিত্বের সঙ্গে কাজ করেও যখন স্বীকৃতি আসে না, প্রশংসার বদলে আসে অবহেলা— তখন ভেতরের সেই লড়াকু মনটা ক্লান্ত হয়ে পড়ে।

চাকরি করতে গিয়ে কে কত রাত নির্ঘুম কাটিয়েছে, কে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচিয়েছে, কে কেবল কলা আর পাউরুটি খেয়ে ১২ ঘন্টা ডিউটি করে গেছে— এসবের খবর কেউ রাখেনা। কাগজে কলমে লেখা থাকে না সেই চোখের জ্বলুনি, মায়ের ফোন মিস করার কষ্ট, কিংবা নিজের সন্তানের মুখ না দেখে দায়িত্বে ছুটে যাওয়ার যন্ত্রণা।

তবুও চুপ করে থাকি— কারণ আমরা পুলিশ। আবেগে ভাসা আমাদের পেশায় মানায় না, কিন্তু মানুষ তো আমরা। আমরাও চাই, কেউ বলুক— ‘তুমি কাজটা ভালো করেছো’, ‘তোমার কারণে মানুষ নিরাপদ’, ‘তুমি সম্মান পাওয়ার যোগ্য’।

একটা কথা সব সময় মনে রাখা দরকার— দায়িত্ব আর কর্তব্য যখন হৃদয় থেকে আসে, তখন তার পেছনে থাকে একটা মানুষ, যার আবেগ, আত্মত্যাগ, কষ্ট— সবকিছুই মূল্যবান।

যারা এই পেশায় থেকে, প্রতিদিন নিঃশব্দে নিজেদের বিলিয়ে দিচ্ছে, ত্যাগ করছে নিজের পরিবার, সময়, স্বপ্ন— তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রইল। হয়তো আজ নয়, কিন্তু একদিন সত্যিই সেই প্রাপ্য মূল্যায়ন আসবেই। আর সেদিন এই অভিমানটাও গর্ব হয়ে উঠবে।”জয় হোক এদেশের মানুষের, জয় হোক পুলিশের”

 

লেখক:                                                             মোঃ ইউসুফ আলী                                             পুলিশ পরিদর্শক (তদন্ত),কেএমপি, খুলনা।