বিশেষ প্রতিনিধি: নড়াইলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ ও সচেতন মহল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যর্থ হওয়ায় নড়াইল জেলা পুলিশ সুপারকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি করেছে সচেতন মহল।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে নড়াইল জেলা আরজেএফ’র সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল বলেন, ৫ আগস্টের পর অপরাধের তৎপরতা বেড়েছে। কেউ প্রকাশ্যে, কেউ আড়ালে আবার কেউ বা বিদেশে বসে অপরাধ জগতের কলকাঠি নাড়ছেন। ইতোমধ্যে তারা তাদের অবস্থান জানান দিয়েছেন বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে। এসব অপরাধীরা খুন, এলাকা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, পেশি শক্তির প্রদর্শন, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। ইতোমধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও জিডি হয়েছে। গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। কিন্তু তাতেও কমছে না অপরাধ।
শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে খুন, চুরি, ডাকাতি, লুটপাট ও মাদকসেবীদের দৌরাত্ম্য যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। প্রায় প্রতি দিনই কোথাও না কোথাও ঘটছে ধাওয়া-পাল্টা ধাওয়া, চুরি-ডাকাতি, চাঁদাবাজি-সন্ত্রাসী কার্যক্রম। পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে দাবি করছেন সচেতন মহল। একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তারে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ব্যর্থ হয়েছে। নড়াইলবাসী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।
ক্রমেই বাড়ছে খুন, চুরি, ডাকাতিসহ নানা অপরাধ। সর্বত্রই চলছে ওপেন চাঁদাবাজি ও অবৈধ দখলযজ্ঞ আর মাদকের রমরমা ব্যবসা। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ার কারণে সন্ত্রাসীরা ভয়ঙ্কর হয়ে উঠেছে। অপরাধ দমনে পুলিশের মনোযোগেও ভাটা পড়েছে। কেন এমনটা ঘটছে তাও অনেকটা রহস্যাবৃত সচেতন মহলের কাছে।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বর্তমান নির্বাচিত সরকার পক্ষের দল বিএনপির স্থানীয় রাজনৈতিক কোন্দল ও নড়াইল-২ আসনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর টানাপোড়েনের রাজনীতি আর প্রশাসনের মন্থর গতিকে সুযোগ বানিয়ে চলেছে অপরাধীচক্র।
নড়াইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।