
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব ইউনিয়নে গ্রীন সার্ভিস গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড খুলে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আড়ালে দীর্ঘদিন ধরে বেপরোয়া সুদের ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সমিতিটি দুই ধরনের খাতা ব্যবহার করে। এক সেট খাতা দিয়ে সমবায় অফিসের আনুষ্ঠানিক কাজকর্ম পরিচালনা করা হয়, আর অন্য খাতায় সুদের ব্যবসার হিসাব রাখা হয়। বর্তমানে তাদের প্রকৃত লেনদেনের পরিমাণ কয়েক কোটি টাকা হলেও কাগজপত্রে তা দেখানো হচ্ছে মাত্র কয়েক লক্ষ টাকা। ফলে সরকারকে বিপুল অঙ্কের ট্যাক্স ফাঁকি দেওয়ার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্পে সই নিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, এ সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ধার দিয়ে সুদের কারবার চালানো। এতে গ্রামাঞ্চলের সহজ-সরল দরিদ্র নারী-পুরুষরা সর্বশান্ত হয়ে পড়ছেন। সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে সদস্যদের মাঝে ঋণ দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে তারা সাধারণ অসহায় মানুষকে টার্গেট করে সুদের ব্যবসা চালাচ্ছেন।
এছাড়া শেয়ার বিক্রির পরিবর্তে শুধুমাত্র সঞ্চয় জমা নিয়ে ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। জামানতের নামে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাংকের ব্লাংক চেক নেওয়া হচ্ছে, যা পরবর্তীতে তাদের জিম্মি করে রাখছে।
অভিযোগ রয়েছে—এ বিষয়ে একাধিকবার উপজেলা সমবায় অফিসে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে গোদাগাড়ীতে ‘আদর্শ ফাউন্ডেশন সংস্থা’ নামে একটি এনজিও গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যায়। প্রেমতলী, রাহী, কামারপাড়া, বাসুদেবপুরসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম চালিয়ে গ্রামাঞ্চলের অসহায় মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। সেই ঘটনায় বহু মানুষ সর্বস্বান্ত হলেও উপজেলা সমবায় অফিস কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে গ্রীন সমবায় সমিতির সভাপতি তরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নিয়ম অনুযায়ী সদস্যদের ঋণ প্রদান করছি। সুদের ব্যবসা করার অভিযোগ সঠিক নয়।”
অন্যদিকে, গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরাত বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবে যেহেতু বিষয়টি আপনার মাধ্যমে জানলাম, আমরা দ্রুত সরেজমিনে তদন্ত করব। অনিয়মের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।