ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ স্বর্ণ প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভুয়া স্বর্ণের পুতুল দেখিয়ে ভুলিয়ে-ভালিয়ে প্রতারণা করে আসছিল।

এছাড়াও গত ৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ঠাকুরগাঁও পুলিশের বেশ কিছু সফলতা আছে। উল্লেখযোগ্য হলো হরিপুরে নগদের এক কর্মচারী ডিলারের টাকা আত্মসাৎ করে পরে মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিন কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল, ৩১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ১১ জন আসামিকে গ্রেপ্তার করে এবং ৮১২০ টাকা উদ্ধার করে।

অপরদিকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের চুরি যাওয়া ৫৩ কেজি ৪০০ গ্রাম তামার তার সহ দুইজনকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ জুয়া অভিযান পরিচালনা করে ৬ জুয়ারিকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।বিভিন্ন মেয়াদে পাঁচটি সাজা ওয়ারেন্ট এবং ৭২ টি ওয়ারেন্ট তামিল সহ বিভিন্ন মামলার ১০৯ জন আসামি গ্রেপ্তার করে। এবং অপহরণ মামলার ৬ জন ভিকটিম উদ্ধার করে।

এছাড়াও আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং ১০টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি সোহাগকে আটক করে ডিবি পুলিশ।

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ বিভিন্ন রোডে যানবাহন চেকিং ডিউটি করে ফিটনেস বিহীন ওভার স্পিড ও ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর জন্য ১৭৮ টি মামলায় ৭ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করে।

এছাড়াও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে ঈদ পূর্ববর্তী সময়ে রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে এবং স্বাচ্ছন্দে ঈদে মার্কেট সম্পন্ন করতে করণীয় বর্জনীয় বিষয়, সিট বেল্টের ব্যবহার এবং হেলমেট ছাড়া গাড়ি না চালানোর জন্য ঠাকুরগাঁও জেলা পুলিশ নিয়মিত সচেতনামূলক প্রচারণার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ঠাকুরগাঁও পুলিশের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত শেষে সঠিক পুলিশ রিপোর্ট দাখিলের কারণে বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত একজন আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড, বিজ্ঞ স্পেশাল ট্রাইবুনাল টিম একজন আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ একজন আসামিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১, ৪ জন আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ১২৮টি বিট পুলিশিং, ১৫৮টি উঠান বৈঠক, ২৫০ টি বাল্যবিবাহ রোধে প্রচারণা এবং আত্মহত্যা ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করার জন্য ৭০ টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

উল্লেখ্য যে মার্চ ২০২৩ মাসে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ঠাকুরগাঁও জেলা পুলিশ রংপুর রেঞ্জের সর্বশ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে এবং ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ পুরস্কার পেয়েছে।