নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে অবৈধ কয়লার ভাটার অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিবুর রহমান সজীব এবং দৈনিক স্বাধীন দেশের জেলা প্রতিনিধি রাসেল হোসাইন দুই সংবাদকর্মী হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন।

 বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসিবুর মোল্যা দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই পরিবেশের ক্ষয়ক্ষতি করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলেন। শনিবার সকালে ওই কারখানার বেআইনি কর্মকাণ্ডের তথ্য ও সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর সিনিয়র যুগ্ম মহাসচিব   ও জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল। 

​ঘটনার বিবরণে জানা যায়, ওই অবৈধ কয়লা  কারখানার সংবাদ সংগ্রহ ও তথ্য নেওয়ার জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে তাদের ম্যানেজ করার অপচেষ্টা চালায় সংশ্লিষ্টরা। তবে সাংবাদিকরা তাদের পেশাগত নীতিতে অটল থাকলে স্থানীয় কিছু লোকজনকে উসকে দিয়ে জড়ো করা হয় এবং দুই সংবাদকর্মীকে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।

​এদিকে ঘটনার পর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করতে এবং সময় টিভির প্রতিনিধি সজিবুর রহমান সজিবকে পরিকল্পিতভাবে ফাঁসাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসত্য ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল জানান , সাংবাদিকদের এভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকিস্বরূপ।তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এর সঠিক তদন্ত করে দোষীদের বিচার আওতায় আনা হোক। 

তিনি আরও জানান, প্রশাসন যদি অতিসত্বর হাসিবুর মোল্লার এই অবৈধ কয়লা ভাটা বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে কঠোর কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।