
চট্টগ্রামের সীতাকুণ্ডের এক প্রতারক চক্রের সদস্যের বিরুদ্ধে কাপড় ব্যবসায়ী সেজে হবিগঞ্জের নবীগঞ্জের এক ক্ষুদ্র ব্যবসায়ীর প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম ইকরাম হোসেন। নিজেকে ‘ইকরা এন্টারপ্রাইজ’-এর মালিক পরিচয় দিয়ে তিনি এই প্রতারণা করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পাইকারি কাপড় ব্যবসায়ী জাফর ইকবাল জানান, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে ইকরামের সঙ্গে তাঁর পরিচয় হয়। ইকরাম নিজেকে চট্টগ্রামের বড় পাইকারি কাপড় ব্যবসায়ী হিসেবে দাবি করে জাফরের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। এরপর কাপড় পাঠানোর প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিতে শুরু করেন।
জাফর ইকবালের দেওয়া তথ্যমতে, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাল পাঠানোর কথা বলে ইকরাম বিকাশের মাধ্যমে ১৫ থেকে ২০টি ট্রানজেকশনে মোট ৫৫ হাজার টাকা নেন। এর আগে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে আরও ১৫ হাজার টাকা গ্রহণ করেন তিনি।
কেবল অনলাইন লেনদেনই নয়, গত ৩১ জানুয়ারি ইকরাম সশরীরে নবীগঞ্জে আসেন। সেখানে নিজের স্ত্রীর জরুরি ‘সিজারিয়ান অপারেশন’-এর দোহাই দিয়ে আবেগের সৃষ্টি করেন। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর উপস্থিতিতে ওই সময় তিনি আরও ৫০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, গত ৮ ফেব্রুয়ারি শিশুদের কাপড়ের দুটি লট পাঠানোর কথা থাকলেও ইকরাম তা পাঠাননি। গতকাল রাতে ফোন করা হলে ইকরাম স্বীকার করেন যে তিনি টাকা খরচ করে ফেলেছেন এবং টাকা ফেরত দিতে পারবেন না। উল্টো যে নম্বরগুলোতে টাকা পাঠানো হয়েছে, সেগুলো তাঁর নয় বলে দাবি করেন তিনি। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও আইনি ব্যবস্থা নিলেও কোনো ক্ষতি হবে না বলে হুমকি দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাফর ইকবাল বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অনেক অনুরোধ করেও টাকা ফেরত না পাওয়ায় এখন আইনের আশ্রয় নিচ্ছি। অভিযুক্ত ইকরামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অনলাইন ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এ ধরনের প্রতারণা বেড়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।