বিশেষ প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩৫ বছরের রাস্তাসহ ভোগ দখলীয় জমি জবর-দখল করে বাড়ি প্রবেশের রাস্তা তার কাটা দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জয়রামপুর গ্রামে। অবৈধভাবে রাস্তাসহ ভোগ দখলীয় জমি ঘিরে ফেলার কারণে ছয়টি পরিবারের ৩০জন সদস্য এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১৯৩নং জয়রামপুর গ্রামের  এস.এ – ২৩০ দাগের ৫৫ শতক জমিসহ অন্যান্য দাগের ৪.১৯ একর জমি নিয়ে ওই গ্রামের মৃত করিম মোল্যার ছেলে মেহেদুল গংএর সাথে প্রতিপক্ষ মৃত জয়নাল মোল্যার ছেলে আব্দুল ওহাব  গংএর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এরই এক পর্যায়ে ভূক্তভোগী মেহেদুল গং বাদী হয়ে প্রতিপক্ষ আব্দুল ওহাব গংএর বিরুদ্ধে যশোর সদর বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। যার মামলা নং-দেং-৩৬২/২৬, তারিখ- ২০/০৮/২০২৬। আদালত মামলাটি গ্রহণের পর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিচার কার্য চলাকালীন উভয়পক্ষকে স্থীতি অবস্থা বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। অথচ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল প্রতিপক্ষ আব্দুল ওহাব গং কোতয়ালী মডেল থানার দারোগা মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে অর্ধশতাধিক লোক নিয়ে নিষেধাজ্ঞাকৃত জমিসহ রাস্তা তার কাটা  দিয়ে ঘিরে ফেলার কারণে মেহেদুল গংএর  ছয়টি পরিবারের ৩০জন সদস্য এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ ঘটনার সময় মামলার বাদি মেহেদুল  ইসলামসহ তার পক্ষের কোন পুরুষ লোকজন বাড়িতে ছিলেন না। প্রতিপক্ষ আব্দুল  ওহাব গং  অর্ধশতাধিক লোকজন নিয়ে কোতয়ালী মডেল থানার দারোগা মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে নিষেধাজ্ঞাকৃত রাস্তাসহ ভোগ দখলীয় জমি তার কাটা এবং পিলার দিয়ে ঘিরে ফেলেন। ঘটনার সময় বাদি পক্ষের রাজিয়া খাতুন মামলার নিষেধাজ্ঞার কাগজপত্র দারোগা মিজানকে দেখাতে চাইলে তিনি উল্টো ধমক দিয়ে তাকে থানায় ধরে নিয়ে যাওয়ার ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান, ঘটনার সময় আব্দুল  ওহাবের নেতৃত্বে রবিউল, বাবুল,ইকবাল,আইয়ুব, শাহাবুদ্দিন, শামীম, মিকাইল, মোতালেব, আলমগীর,আশরাফ,শহর আলী, মুনছুর, লিটন,  ইউসুফ ও মনিরুল ডাক্তারসহ অর্ধশতাধিক লোক দা,শাবল,কুড়াল ও লাঠিসোটা নিয়ে উক্ত রাস্তাসহ জমি জবর-দখল করে নেন। এদিকে কোতয়ালী থানার দারোগা মিজান বলেছেন, জয়রামপুর গ্রামে রাস্তাসহ জমি ঘিরে ফেলার পর আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। তবে উক্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা তা আমি জানি না। তিনি প্রতিপক্ষের পক্ষ অবলম্বন করার অভিযোগ অস্বীকার করেন।