চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু এলাকায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

​আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের আলফাজ মিয়া (৪০), ট্রাকচালক রাজশাহীর দুর্গাপুর উপজেলার রকি আহমেদ (২৮) এবং হেলপার সানোয়ার আহমেদ (২৫)।

​র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মহানন্দা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, দুটি শ্যালো মেশিন, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

​র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঝুট তুলা বা অন্য পণ্যের আড়ালে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫ কর্তৃপক্ষ।