
“ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজেস” প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে ডায়াবেটিস প্রতিরোধ, ঝুঁকি কমানো এবং রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অনুপ কুমার বসু, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন কবির, ডা. রঘু রাম চন্দ্র, ডা. ফরিদুল ইসলাম, ডা. দেবাশীষ, ডা. নাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, শাখা ব্যবস্থাপক উদয় কুমার ঘোষ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোছা. নাজমা আক্তার, সেল্ফ অফিসার মো. মহসিন ও কেয়া শীলসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী। র্যালিতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বার্তা বহনকারী ব্যানার প্রদর্শন করেন।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক; বাংলাদেশে প্রতি বছরই এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। অনেকেই নিজে আক্রান্ত হলেও দীর্ঘদিন তা বুঝতে পারেন না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদরোগ, কিডনি বিকল, দৃষ্টিশক্তি নষ্ট হওয়া, স্নায়ুক্ষতিসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ, বছরে অন্তত দুইবার রক্তে শর্করা পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় সিনিয়র কনসালটেন্ট ডা. সুমন কবির ইনসুলিন ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায়। বিশেষ করে যেসব রোগীর ক্ষেত্রে ওষুধে গ্লুকোজ নিয়ন্ত্রণ সম্ভব হয় না, তাদের জন্য ইনসুলিন জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, হৃদরোগ, কিডনি জটিলতা, দৃষ্টি নষ্ট হওয়া, স্নায়ু সমস্যাসহ নানা দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধে নিয়মিত ইনসুলিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে ইনসুলিনই সবচেয়ে নিরাপদ চিকিৎসা পদ্ধতি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।