মোঃ খায়রুল বাশার (মিঠু),ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী অঞ্চলের পদ্মার বিস্তীর্ণ দুর্গম চরজুড়ে টানা ১২ ঘণ্টার অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় উদ্ধার করা হয় ১০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি দেশীয় অস্ত্র, ২৪ রাউন্ড কার্তুজ, ৫টি মোটরসাইকেল ও মাদকদ্রব্য।

‎
‎রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
‎
‎তিনি জানান, বহু বছর ধরে পদ্মার চরের নিয়ন্ত্রণ নিয়ে কাকন বাহিনীসহ অন্তত ১১টি সন্ত্রাসী চক্র অস্ত্র-মাদক কারবার, খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধ চালিয়ে আসছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অপরাধচক্রের দৌরাত্ম্য বন্ধ করতেই অভিযানের আয়োজন করা হয়।
‎
‎ডিআইজি আরও বলেন, রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে সন্ত্রাসীদের দখল ও আতঙ্ক দীর্ঘদিনের। তাদের দমন করে চরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।
‎
‎শনিবার গভীর রাতে তিন বাহিনীর ১ হাজার ২০০ সদস্য নিয়ে শুরু হওয়া ‘অপারেশন ফার্স্ট লাইট’ চলে রবিবার দুপুর পর্যন্ত।
‎
‎সম্প্রতি চরদখল ও কাশবন নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে বাঘা উপজেলার আমান ও নাজমুল নিহত হন। নিহত হন কাকন বাহিনীর এক সদস্যও। পরবর্তী সময়ে সশস্ত্র মহড়া, বালুমহল ও কৃষিজমি দখল এবং চাঁদাবাজির ঘটনায় আবারও উত্তেজনা ছড়ায় এ অঞ্চলে।
‎
‎যৌথ অভিযানের মাধ্যমে চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনীর আধিপত্য ভেঙে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।