জয়পুরহাট সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনসহ তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

​আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পুরানপৈল এলাকার আরাফাত ফিলিং স্টেশনকে পেট্রল পাম্পের বাৎসরিক ভেরিফিকেশন সার্টিফিকেট ছাড়া তেল বিক্রি ও বিতরণ করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়।

​এছাড়া এলপিজি গ্যাসের নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করার অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে রেলগেট এলাকার রাজলক্ষ্মী ট্রেডার্সকে ৮ হাজার টাকা এবং থানা রোড এলাকার চৌধুরী এলপিজিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানটির নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. মো. আসাদুজ্জামান।

​বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।