নওগাঁয় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া জেলার সদর উপজেলায় এ যৌথ অভিযান পরিচালনা করে।

​আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পার নওগাঁর সরদারপাড়া এলাকায় অবস্থিত মেসার্স ডি-ফুডস নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের বিপরীতে কোনো বৈধ মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করেনি। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।

বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের মেট্রোলজি পরিদর্শক মো. শাহ আলম পলাশ খান এবং পরিদর্শক প্রকৌ. প্রান্তজিত সরকার।

​বিএসটিআই বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ ও সঠিক ওজন নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।