
মোঃ খায়রুল বাশার (মিঠু),ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী অঞ্চলের পদ্মার বিস্তীর্ণ দুর্গম চরজুড়ে টানা ১২ ঘণ্টার অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় উদ্ধার করা হয় ১০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি দেশীয় অস্ত্র, ২৪ রাউন্ড কার্তুজ, ৫টি মোটরসাইকেল ও মাদকদ্রব্য।
রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, বহু বছর ধরে পদ্মার চরের নিয়ন্ত্রণ নিয়ে কাকন বাহিনীসহ অন্তত ১১টি সন্ত্রাসী চক্র অস্ত্র-মাদক কারবার, খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধ চালিয়ে আসছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অপরাধচক্রের দৌরাত্ম্য বন্ধ করতেই অভিযানের আয়োজন করা হয়।
ডিআইজি আরও বলেন, রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে সন্ত্রাসীদের দখল ও আতঙ্ক দীর্ঘদিনের। তাদের দমন করে চরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।
শনিবার গভীর রাতে তিন বাহিনীর ১ হাজার ২০০ সদস্য নিয়ে শুরু হওয়া ‘অপারেশন ফার্স্ট লাইট’ চলে রবিবার দুপুর পর্যন্ত।
সম্প্রতি চরদখল ও কাশবন নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে বাঘা উপজেলার আমান ও নাজমুল নিহত হন। নিহত হন কাকন বাহিনীর এক সদস্যও। পরবর্তী সময়ে সশস্ত্র মহড়া, বালুমহল ও কৃষিজমি দখল এবং চাঁদাবাজির ঘটনায় আবারও উত্তেজনা ছড়ায় এ অঞ্চলে।
যৌথ অভিযানের মাধ্যমে চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনীর আধিপত্য ভেঙে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।