স্ত্রী-সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে গায়ে বউ ফেরতে’র পোস্টার লাগিয়ে অবস্থান নেন হরিদাস মন্ডল নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের ক্রান্তির কাঠামবাড়ি এলাকায়।

ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই শ্বশুরবাড়ির গেটের সামনে অবস্থান নেন ওই যুবক। পেশায় রাজমিস্ত্রী ওই যুবকের দাবি, চার বছর আগে কাঠামবাড়ি এলাকার বাসিন্দা জ্যোৎস্না মন্ডলের সাথে তার বিয়ে হয়। তাদের একটি দেড় বছরের মেয়েও আছে। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক ছিল।

কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে সংসারে অশান্তি চলছে। হরিদাসের অভিযোগ, শ্বশুরবাড়ির ইন্ধনেই তার ও জ্যোৎস্নার সংসারে অশান্তি শুরু হয়। এরপরই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায় তার স্ত্রী।

এখন শ্বশুরবাড়ির চাপেই তার স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি ফিরছে না। বারবার স্ত্রী-সন্তানকে ফিরিয়ে নিতে যেতে এলেও তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। তাই বাধ্য হয়েই তিনি গায়ে পোস্টার লাগিয়ে শ্বশুরবাড়ি সামনে অবস্থান নিয়েছেন। যতক্ষণ না স্ত্রী-সন্তানকে ফিরে পাচ্ছেন, ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন বলেও জানান হরিদাস।