রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃ সম্পর্ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিইব এর প্রকল্প পরিচালক সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুল মানিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য ফয়সাল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।আপনারা জানেন, জলবায়ু পরিবর্তন আজ পৃথিবীর বড় হুমকি। বাংলাদেশের মতো নিম্নভূমি ও ঘনবসতিপূর্ণ দেশ এর সবচেয়ে বড় শিকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা, নদীভাঙন—এসব আমাদের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে।

সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা গৃহস্থালি কাজ থেকে শুরু করে জীবিকা, স্বাস্থ্য ও নিরাপত্তা সব ক্ষেত্রে নতুন ঝুঁকির মুখে পড়ছেন। এ অবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত হলে টেকসই সমাধান হবে।

এই অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রিইব রিইব এর পোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান, গবেষণা সহকারী অপু রাম দাস ও নিপেন্দ্রনাথ মাঝি।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।