বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যার ১১তম বার্ষিকী আজ শনিবার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় তাঁরা খুন হন। ঘটনার ১১ বছর পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীরা এখনো শনাক্ত ও গ্রেপ্তার হয়নি।

মাস গড়িয়ে বছরের পর বছর কেটে গেলেও এখনও ‘তদন্ত চলছে’ আর ‘বিচার হবে’তে সীমাবদ্ধ তদন্তকারী সংস্থাসহ সংশ্লিষ্টরা। অথচ ২০১২ সালে সংগঠিত এই হত্যাকাণ্ডের পর সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

এদিকে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৫ বার পেছানো হয়েছে। এতে বিচারকাজে অনীহার প্রকাশ পেয়েছে। আবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ বন্ধের দাবি জানান তাঁরা।

প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী। সমাবেশে বক্ততৃা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

সমাবেশে সভাপতি ওমর ফারুক বলেন, ‘সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার হচ্ছে না। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। সরকার বিচারের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আর গত এক বছরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চারবার দেখা করেছি। সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়গুলো সুরাহা করতে বলেছি। তিনি বারবার কথা দিয়েছেন।’

মাছরাঙ্গা টেলিভিশনের রাশেদ আহমেদ বলেন, মাছরাঙ্গা টেলিভিশন ১১ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে। আর কয়েক মাস পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে সময় নেওয়ার সেঞ্চুরি করবে। এরই মধ্যে ৯৫ বার সময় নিয়েছে। বিষয়টি খুবই লজ্জার। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘১১ বছরে আমার ভাই সাগর, আমার বোন রুনি হত্যাকাণ্ডের বিচার হয় না। কোথায় যাব আমরা?’

সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশসহ সংবাদকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বাতিল ও সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আজ শনিবার সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে।