রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সমতা নারী কল্যাণ সংস্থা ও বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ারের (লফস) যৌথ আয়োজনে মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়।

​সকালে বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও পায়রা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি সচেতনতামূলক র‍্যালি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত ডিডি এলজি মমিনুল হাসান।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোঃ তানভীর আহম্মেদ সিদ্দিকী, টিআইবি-এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুল হক এবং ব্লাস্ট রাজশাহী ইউনিটের সমন্বয়কারী সামিনা বেগম।

অনুষ্ঠানে নারী ও যুব প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন অংশ নেন।

​বিকেলে নগরীর লালন শাহ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গম্ভীরার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

​দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণ-স্বাক্ষর কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।