কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে অনুমতিপত্রে দেওয়া নির্দেশ অনুযায়ী তাদের মানতে হবে ১০টি শর্ত।
বুধবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিমউদ্দিন।
তিনি জানান, ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাজিব চৌধুরীর সই করা অনুমতিপত্র পেয়েছি আমরা।
যে ১০ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে-
ব্যানার-ফ্যাস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে। ব্যানার-ফ্যাস্টুন, পতাকা স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না। সমাবেশ বিকাল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে। মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে। উচ্চশব্দে মাইক ব্যবহার করা যাবে না।
দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও সামাজিক ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন বক্তব্য রাখা যাবে না। যানবাহনসমূহ শহরের ভেতরে প্রবেশ করানো যাবে না। রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে। মোটর শোভাযাত্র ও মিছিল করা যাবে না।
সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে নেতাকর্মীদের আসা-যাওয়ার পথে কোনো প্রকার নাশকতাপূর্ণ কর্মকাণ্ড তথা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এমন কর্মকাণ্ড করা যাবে না।
সমাগত নেতাকর্মীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, দায়িত্বশীল নেতৃবৃন্দ তথা আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে। স্টেজ তৈরির সাথে যারা জড়িত তারা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর পূর্বে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া জানান, পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছুই করতে হয়।
এতোসব শর্ত মেনে বিশাল একটি সমাবেশ করা সম্ভব না। তবে আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ সমাবেশ সফল করতে সাংগঠনিকভাবে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।