বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্য জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যোগাযোগ করা হলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।