নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার বাবার অনন্য অবদানের বিবেচনায় তাকে যশোর-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে রশীদ ওয়াক্কাস তার বাবার দেখানো পথে যশোর-৫ আসনের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনা ও শরিক দলগুলোর জন্য আরও সাতটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

উল্লেখ্য যে, গত ২২ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হতে মনোনীত প্রার্থী ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড: শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।