যখনি তারা বুঝবে বিএনপি সমর্থক তখনই মামলা দেবে
যখনি তারা বুঝবে বিএনপি সমর্থক তখনই মামলা দেবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে জাতিকে বিভক্ত করে ফেলেছে। সমাজ, রাজনীতি সব একেবারে নষ্ট করে ফেলেছেন তারা। বিচার চাইতে গেলে বিচার পাবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা পাবেন না। যখনি তারা বুঝবে আপনি বিএনপির নেতা-কর্মী-সমর্থক, তখনই উল্টো মামলায় ফাঁসিয়ে দেবে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ড. মোশাররফ ফাউন্ডেশন।
বিএনপি মহাসচিব বলেন, গাজী মাজহারুল আনোয়ার ছিলেন নক্ষত্রের মতো। তিনি অসাধারণ প্রতিভাবান ও একজন অমায়িক মানুষ ছিলেন। কারও বিরুদ্ধে তিনি কখনও কথা বলেননি, সমালোচনা করেননি। তার মতো মানুষকে হারিয়ে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
এসময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জাতিকে কেবল আজকে বিভক্ত করেনি; ৭২ সালের পরে যখন তারা ক্ষমতায় এসেছিল তখনও এই কাজটি করেছিল। এখন আবার গত ১৫ বছরে গোটা জাতিকে বিভক্ত এবং সমাজকে নষ্ট করে ফেলেছে। বর্তমানে দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। নির্বাচনের মাধ্যমে যে একটি পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে- তারও উপায় নেই। নির্বাচনে হয় তাদের মনের মতো, জনগণ সেখানে অংশ নিতে পারে না।
তাই দেশের বর্তমান অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। কিন্তু এই রক্ষা করার দায়িত্ব একা বিএনপির নয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, সাধারণ মানুষকে এজন্য সর্ব শক্তি দিয়ে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার পথ নষ্ট হচ্ছে। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ ও রাষ্ট্র তৈরি হচ্ছে না। আর এর জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগ দায়ী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।