
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মানসম্পন্ন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সারাদেশে স্কুল, কলেজ ও জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।। ফুটবল, ক্রিকেটের মতো ভলিবলেও প্রিমিয়ার লীগ আয়োজন করা হবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এবং ‘বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘ভলিবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সঠিক পরিচর্যার মাধ্যমে ভালোমানের ভলিবল খেলোয়াড় তৈরি করতে হবে।’
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিস্থান এবং উজবেকিস্থান এই ৬টি দেশের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে ভলিবলে একসঙ্গে দুটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।