বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২ নভেম্বর) চতুর্থ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে এবারের দুই ফাইনালিস্ট এবং ফাইনালের পরদিন (১৫ নভেম্বর) র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল। অর্থাৎ, ১৫ নভেম্বর র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকলেও সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ আছে। বাংলাদেশ দুটি ম্যাচ জিতলে সে সম্ভাবনা থাকবে, তবে একটি ম্যাচ জিতলেও অন্য ম্যাচগুলির ফলাফল পক্ষে এলে সুযোগ থাকবে সরাসরি সুপার টুয়েলভে খেলার। এই মুহূর্তে টি২০ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।

বাংলাদেশের সমান ২৩৪ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ১০ নম্বরে ২৩০ রেটিং পয়েন্ট নিয়ে। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে আফগানিস্তান। তাই পরবর্তী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার মিশনে আজ বিকাল ৪ টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন বাংলাদেশ।