পাকিস্তান সুপার ‍লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা জেমস ফকনারকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক টুইটার বার্তায় পিসিবির বিরুদ্ধে পাওনা পরিশোধ নিয়ে মিথ্যাচারের অভিযোগ আনেন এই অজি তারকা।

মূলত, এই কারণেই ফকনারকে নিষিদ্ধ করেছে পিসিবি। কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলা ফকনার পিএসএল শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ফকনার লিখেন, পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্ভাগ্যবশত, আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

কারণ পিসিবি আমাকে চুক্তি মোতাবেক পারিশ্রমিক দিচ্ছে না। তারা ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে, যা আমাকে কষ্ট দিয়েছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও দেশটিতে ক্রিকেট ফেরানোর জন্য সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবির কাছ থেকে রীতিমতো অপমানই পেয়েছি। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পারছেন। ফকনারের এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে দেশটির ক্রিকেট বোর্ড।