প্রথম ঘণ্টাতে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ২৪ রানে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ঘণ্টাতে পাঁচ উইকেট হারালেও ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। বিরতির আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটের খরচায় ৬৬ রান।

২২ রানে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে আছেন লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে ২৬ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ঘণ্টাতে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ২৪ রানে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।

হোম অফ ক্রিকেটে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বল আউট হওয়ার হাত থেকে রক্ষা পান জয়। কিন্তু কাসুন রাজিথার আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাকে।

জয়ের উইকেট হারানোর রেশ না কাটতেই মাঠ ছাড়তে হয় তামিম ইকবালকে। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আশিথা ফার্নান্দোর শিকার হয়ে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরতে হয় এই ওপেনারকে।

ব্যর্থ হন মুমিনুল হকও। ফার্নান্দোর দ্বিতীয় শিকার বনে ৯ রানে মাঠ ছাড়েন টেস্ট দলপতি। এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে সাকিব ও নাজমুল হোসেন শান্তকে মাঠছাড়া করেন রাজিথা। এর ফলে ২৪ রান তুলতে ৫ উইকেট নেই বাংলাদেশের।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দলের এমন দুর্দশার সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা। সাত ওভারে পাঁচ উইকেটের পতন বাংলাদেশের জন্য এই প্রথম। দলকে বিপর্যয় থেকে টেনে তুলে এগিয়ে নেয়ার গুরুভার কাঁধে তুলে নেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের ৪২ রানের জুটিতে লড়াই করার চেষ্টা করছে স্বাগতিক দল।