২০০৮ সালের এশিয়া কাপের পর পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ১৫ বছর পরে আগামী বছরের এশিয়া কাপ দিয়ে বন্ধ ওই দুয়ার খুলতে পারে।
ভারত সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল ২০০৬ সালে। ওয়ানডেতে যা ছিল এমএস ধোনির উত্থানের সিরিজ। পাকিস্তান ২০১২ সালের শেষে সর্বশেষ ভারত সফরে এসেছিল। এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।
আগামী বছরের শেষে ভারতে বসবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। তার আগে বছরের মাঝ বরাবর পাকিস্তানে রাখা হয়েছে পঞ্চাশ ওভারের এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওই আসর খেলতে যাওয়ার ব্যাপারে ১৬ অক্টোবর মুম্বাইতে বসা বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আলোচনা করবে।
ওইদিন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন রজার বিনি। সেক্রেটারি থাকবেন জয় শাহ। তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট।বিষয়টি নিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, পূর্বের মতোই বিষয়টি ভারত সরকারের থেকে ছাড়পত্র পাওয়ার উপর নির্ভর করবে।
নিরপেক্ষ ভেন্যুতেও আপাতত দুই দলের সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। বৈশ্বিক ও এশিয়ার আসর দুই দলের মুখোমুখি হওয়ার মঞ্চ। গত দশ বছরে এশিয়ার আসর ভারত কিংবা পাকিস্তানে বসেনি তাই রাজনৈতিক দ্বন্দ্ব চরমে থাকায় এবং তার প্রভাব ক্রিকেটে থাকায় দুই দলের ক্রিকেটারদের বর্ডার পার হওয়া হয়নি।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দেওয়া নিয়ে তৈরি হচ্ছিল জটিলতা। এর মধ্যেই আসরটি করোনার মধ্যে সরে যায় সংযুক্ত আরব আমিরাতে। আগামী বছর তাই এশিয়া কাপ ও বিশ্বকাপ উপলক্ষ্যে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা সীমান্ত পার হওয়ার সুযোগ পেতে পারেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।