ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টাইগাররা দেশের ফেরার আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

ওই সিরিজে বলতে গেলে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে টাইগাররা। গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে, ২৬ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।

এই যাত্রায় তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। সফর শুরু হবে টিটোয়েন্টি সিরিজ দিয়ে। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট।

এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। উইন্ডিজ থেকে আগামী ২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের দেশে ফেরার কথা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরবেন ২২ জুলাই।