মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পা রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবল মেগাতারকা লিওনেল আন্দ্রেস মেসি। ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দুই দশকেরও বেশি সময় এই ক্লাবটির হয়ে বিশ্ব মাতিয়েছেন। মেসি আর বার্সা নাম দু’টি যেন ছিল একে অপরের পরিপূরক। শেষ পর্যন্ত প্রাণের ক্লাবটি ছেড়ে চলে যেতে হয় মেসিকে।

অর্থনৈতিক জটিলতার কারণেই লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয় বার্সা। বার্সেলোনা থেকে মেসির চলে যাওয়া সবার কাছে বিস্ময়কর আর চমকপ্রদ হলেও বার্সেলোনার কাছে তা ছিল সময়ের বাস্তবতা। সম্প্রতি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিউ আলেমানি এমনটি জানিয়েছেন। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, মেসির বিদায় কোনো দুভার্গ্যজনক চমক ছিল না।

এটা ছিল ওই সময়ের বাস্তবতা। আমরা সিদ্ধান্ত নিয়েছি সবার উপরে ক্লাব। বাণিজ্যিকভাবেও বার্সেলোনা তার বিদায়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেসির বিদায়ে আমরা বাণিজ্যিক দিক থেকে অনেকের আগ্রহ হারিয়েছি। সে আমাদের ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। আজ অথবা কাল তার বিদায় নিতেই হতো। আমরা যে পুর্নগঠন প্রক্রিয়াতে ঢুকেছি, এটা করতেই হতো।