ইউনিয়ন পরিষদ (ইউপি)-সহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম রেজুলেশনসহ কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় তিনি এই নির্দেশ দেন।

এদিকে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর বিষয়টি আগে এককভাবে জেলা আওয়ামী লীগের ওপর অর্পণ করা ছিল।

সেই প্রক্রিয়াও আনা হয়েছে পরিবর্তন। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠাবে ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠাবে উপজেলা আওয়ামী লীগ। আর পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠাবে পৌর আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট ইউনিটগুলো রেজুলেশন নিয়ে জেলা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করার পর তারা ওই প্রস্তাবনা কেন্দ্রে পাঠাবে। মনোনয়ন প্রত্যাশীদের নাম পাঠানো নিয়ে বিভিন্ন অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে এই পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।