
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেখক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় আজ বুধবার। মামলার শুনানির সবশেষ ধাপ যুক্তিতর্ক শেষে গত ২৭ ফেব্রুয়ারি রায়ের জন্য এ দিন ধার্য করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকছুদা পারভীন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন অধ্যাপক হুমায়ুন আজাদ।
এ সময় তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। ঘটনার পর দেশে ২২ দিন ও বিদেশে প্রায় দেড় মাস চিকিৎসা নেন তিনি।
একই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডি পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার আসামিরা হলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে। হাফিজ মারা গেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।