বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর (UNESCO) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক ও সাংস্কৃতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে এ অনন্য সম্মান অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষপর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন।

বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক নীতি নির্ধারণে ইউনেস্কোর সাধারণ সম্মেলন অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। এই সম্মেলনের সভাপতিত্ব পাওয়া বাংলাদেশের জন্য একটি গৌরবজনক কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।