রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরবেন।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ আগস্ট খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে কিছু পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। কিছু রিপোর্ট এখনও ডাক্তারদের হাতে আসেনি।

সেসব রিপোর্ট হাতে পাওয়ার পর মেডিক‌্যাল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করে তার হার্টে রিং বসানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।চিকিৎসকরা জানান, ইতিমধ‌্যে খালেদা জিয়ার হার্টে এখন দুটি ব্লক ধরা পড়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত একটি ব্লকে রিং বসানোর পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া, তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।