এক হল থেকে বহিষ্কার হয়ে ফের আরেক হলে উঠেছে সদ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল থেকে বহিষ্কার হওয়া  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা সায়মা রহমান। হল বডির কোনো ধরণের অনুমতি না নিয়েই ছাত্রলীগের ইচ্ছেতেই ওই মেয়ে হলে অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে।

জানা জায়, কিছুদিন আগে সায়মা রহমান তার বন্ধু মেহেদী হাসান হাফিজের রেফারেন্সে খালেদা জিয়া হলের নতুন ব্লকের ২০৪ নম্বর রুমে ওঠে। ওই রুমের জানালার পাশের সিটে ওঠা নিয়ে গত বৃহস্পতিবার সিনিয়র শিক্ষার্থী পপি আক্তারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে মেন গেট এলাকায় পপি আক্তারকে হেনস্থা ও তার বন্ধুকে
মারধর করে হাফিজ ও তার সহযোগীরা।

ঘটনাটির প্রতিবাদে হাফিজের বিচার চেয়ে আন্দোলনে নামে খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীরা। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত তারা হল চত্বরে বিক্ষোভ করে। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যদের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে। পরদিন শুক্রবার হল প্রভোস্ট বরাবর সায়মা রহমান ও হাফিজের বিচার চেয়ে তারা লিখিত অভিযোগও দেয়।

পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে আলোচনায় বসে হল কর্তৃপক্ষ। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্তে সায়মা রহমানকে খালেদা জিয়া হল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর সায়মা খালেদা জিয়া হল থেকে নেমে গিয়ে শেখ হাসিনা হলে উঠে। বর্তমানে সে শেখ হাসিনা হলের ৩১১ নং রুমে অবস্থান করছেন বলে জানা যায়।

অপরাধের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থী ফের হলে উঠায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। তারা বলেন, অপরাধের কারনে বহিষ্কৃত শিক্ষার্থী ফের হলে উঠলে এটি কি ধরনের শাস্তি। এক হল থেকে নামিয়ে   আরেক হলে তোলাকে শাস্তি বলে না এটি শাস্তির নামে প্রশাসনের প্রহসন।

এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর শামসুল ইসলাম বলেন, কোন শিক্ষার্থী হলে উঠার বিষয়ে আমি জানি না। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। শেখ হাসিনা হলের প্রভোস্ট ভালো বলতে পারবে।

ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন এ বিষয়ে প্রক্টরিয়াল বডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা  বিষয়টি অনুসন্ধান করে দেখছে।