দুজনের মধ্যে ভৌগোলিক ব্যবধান পাঁচ হাজার মাইলেরও বেশি। শুধু ভৌগোলিক ব্যবধানই নয়, রয়েছে আরও একটি বাধা। আর তা হলো ভাষা! অস্ট্রেলিয়ার ম্যাথু হারবিজ ও কাজাখস্তানের ম্যাডিনা বুঝতেন না একে অপরের ভাষা।

তাদের মধ্যে কথোপকথন হতো গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। আর ওই প্রতিবন্ধকতা জয় করেই পরিণয়-বন্ধনে আবদ্ধ হলেন দুজন। ২০১৮ সালে বন্ধুদের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিলেন ম্যাডিনা। সেখানেই ম্যাথুর সঙ্গে আলাপ হয় তার। প্রথম দেখাতে অবস্থ্য প্রেমে পড়েননি তিনি। কিন্তু বন্ধুত্ব হয়ে গিয়েছিল দুজনের। ম্যাডিনা দেশে ফেরার পরে তাদের মধ্যে চলতে থাকে মেসেজ চালাচালি।

ম্যাডিনা ইংরেজি জানতেন না, ম্যাথুও বুঝতেন না ম্যাডিনার মাতৃভাষা কাজাখ। ফলে গুগলের অনুবাদ-প্রযুক্তি ছাড়া গতি ছিল না। কিন্তু এতেও কাছাকাছি আসা আটকে থাকেনি, বন্ধুত্ব গড়ায় ভালবাসায়। প্রতি তিন-চার মাস পর পর দেখা করতে শুরু করেন তারা। মাঝে সমস্যা বাড়ায় কোভিড। দেখা করা একেবারেই বন্ধ হয়ে যায় তাদের।

অতঃপর দীর্ঘ লকডাউনের শেষে ২০২১ সালের মে মাসে অস্ট্রেলিয়ার ভিসা পান ম্যাডিনা। অস্ট্রেলিয়ায় গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য হন তিনি। এই গোটা সময়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকতেন ম্যাথু। এর পরেই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন দুজন। অবশেষে ২০২২–এর জুন মাসে বিয়ে করেন তারা।

ম্যাডিনা সিদ্ধান্ত নিয়েছেন, অস্ট্রেলিয়াতেই থাকবেন তিনি। তবে প্রেমের সময়ে বড় বন্ধু হয়ে দেখা দিলেও আর গুগল ট্রান্সলেটরের ভরসায় থাকতে চাইছেন না দুজনের কেউই। ধীরে ধীরে একে অপরের ভাষা শিখতে শুরু করেছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার