জাতীয় বাজেটে বিশাল একটি জনগোষ্ঠীর ভোগান্তি ও অনুন্নয়নের ধারা জিইয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই টেকসই করা সম্ভব নয় বলে মনে করে বিশেষজ্ঞরা। শুক্রবার (৪ মার্চ) সমিতি আয়োজিত “বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২২-২৩ প্রস্তুতি আলোচনা: খুলনা অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়” শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে সভায় স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, আইনজ্ঞ, মানবাধিকার বিশেষজ্ঞ, উন্নয়ন কর্মীরা আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনার আলোকে জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য নিজেদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা, মরুকরণ, জলোচ্ছ্বাস, সাইক্লোনের পাশাপাশি দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও তামাক চাষের ক্রমবর্ধমান প্রবণতা রোধে জাতীয় বাজেটে বিশেষভাবে বরাদ্দ না করা হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশেষত খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া ও নড়াইল জেলায় অদূর ভবিষ্যতে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে।