
ঘরের কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দিতে আদালতের নির্দেশ:-
অনলাইন ডেস্ক:
ঢাকা
ঘরের কাজের জন্য স্ত্রীকে অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছেন চীনের একটি আদালত।
গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী বেইজিংয়ের একটি ডিভোর্স আদালত স্বামীকে অর্থ পরিশোধের বিষয়ে নজিরবিহীন এই রায় দেন। খবর: বিবিসি
জানা যায়, ওই চীনা দম্পতি ৫ বছর সংসার করেছে। এই সময়ে ঘরোয়া কাজের বেতন হিসেবে চীনা মুদ্রায় স্ত্রীকে ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৫৩ হাজার টাকা) পরিশোধ করার নির্দেশনা দেন আদালত।
আদালতের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বিয়ে করেন চেন এবং ওয়াং। পাঁচ বছর সংসার করার পর ২০২০ সালে স্ত্রী ওয়াংকে তালাক দেন স্বামী চেন। তবে তালাকের বিপক্ষে ছিলেন স্ত্রী। শেষমেষ আর সংসার করতে না পেরে একপর্যায়ে ক্ষতিপূরণ দাবি করেন ওয়াং।
ওয়াংয়ের দাবি, পাঁচ বছরের সংসার জীবনে ঘরের কোনো কাজে তাকে সাহায্য করেননি তার স্বামী চেন। এমনকি বাচ্চার দেখাশোনার কাজেও স্ত্রীর হাতে হাত মেলাননি তিনি। সন্তান লালন-পালনসহ সংসারের সব কাজ তিনি একাই করেছেন। আর তাই ক্ষতিপূরণ পাওয়া তার অধিকার।
এদিকে, আদালতের এমন নজিরবিহীন রায়ের পর অনলাইন জগতে তর্ক-বিতর্কের ঝড় উঠেছে। ঘরে করা কাজের মূল্য কত হতে পারে, তা নিয়েই মূলত বিতর্কে মেতেছে নেটিজেনরা। এমনকি চীনা মুদ্রায় ৫০ হাজার ইউয়ান ক্ষতিপূরণকে খুব অল্প বলেও অভিহিত করছেন অনেকে। সম্পদ ও পরিবার নিয়ে চীনে নতুন আইন প্রণয়নের পরপরই দেশটির আদালত এ রায় দিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।