কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে জালনোট প্রতিরোধে বিনা খরচে নোট যাচাইয়ের সেবা দেবে ব্যাংক। স্বাস্থ্যবিধি মেনে এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে। বুধবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটে জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।

হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী ও মোবাইল নম্বরসহ ব্যাংকের সমন্বয়ক হিসেবে মনোনীত কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর আগামী ৪ জুলাইয়ের মধ্যে ইমেইলে পাঠাতে হবে।

ঢাকার বাইরে সব জেলায় অনুমোদিত পশুর হাটগুলোতেও একই প্রক্রিয়ায় সেবা দিতে হবে ব্যাংকের শাখাগুলোতে। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই এমন জেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট শাখা গুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।