‘সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বিএনপি’ মন্তব্য ওবায়দুল কাদেরের
‘সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বিএনপি’ মন্তব্য ওবায়দুল কাদেরের

সাংবিধানিকভাবে বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে বিএনপি বারবার সংবিধান লঙ্ঘনের অপরাধ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৪ জুলাই) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই মন্তব্যের পাশাপাশি তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিয়ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দিচ্ছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদও জানান।
কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি দেশের জনগণকে আতঙ্কিত করে। কারণ তারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের নামে জনগণের ওপর যে ভয়াবহ অগ্নি সন্ত্রাস চালিয়েছিল, তার দগ দগ ক্ষত এখনও দেশবাসীর মানসপটে অমলিন।
তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করতে বদ্ধপরিকর। দেশের গণতন্ত্র হারিয়ে যায় নাই যে তা ফিরিয়ে আনতে হবে। বরং প্রতিষ্ঠার পর থেকেই বিএনপির সব কর্মকাণ্ড আবর্তিত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ধারায়।
‘গণতন্ত্র ধ্বংসই শুধু নয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে। স্বৈরতন্ত্রের প্রতিভূ বিএনপিই এদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি ও আদর্শ প্রতিষ্ঠার প্রধান অন্তরায়।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ভোট তথা ভাতের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে আসছে’, বলেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।