প্রধানমন্ত্রী আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন
প্রধানমন্ত্রী আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (০৭ জুলাই) এক বাংলাদেশি ও ঢাকায় কর্মরত অপর এক বিদেশি কূটনীতিককে ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’-এ ভূষিত করবেন।
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ড. ইতো নওকি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়।
রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে কয়েক হাজার বাংলাদেশি সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় দেশে আশ্রয় নেয়ার প্রেক্ষাপটে সুলতানা লায়লা হোসেন অসাধারণ অবদান রাখেন। তেমনিভাবে ইতো নাওকি’ও ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কূটনীতিকদের এ পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বিশ্বব্যাপী বঙ্গবন্ধু কর্নার’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন এবং বিদেশের সব বাংলাদেশ মিশনের জন্য অভিন্ন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ দুই রাষ্ট্রদূতও উপস্থিত থাকবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।