রাজধানীর বাড্ডায় ১০০ ফিট এলাকায় বিদ্যুৎপৃষ্টে দুইজন মারা গেছে। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়ে বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)।
সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বাড্ডা ১০০ ফিট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে আক্রান্ত হয়।
পরে লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বিস্তারিত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই দুইজনকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আরও তিনজন সামান্য দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।