রেলওয়ে হলো যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সবচেয়ে সাশ্রয়ী খাত। বর্তমানে এই খাতের উন্নয়নের জন্য বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রেলওয়ে সূত্র বলছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে ৭৯৮.০৯ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করা হবে।

এছাড়াও বিদ্যমান রেল লাইনের সমান্তরাল ৮৯৭ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ এবং ৮৪৬.৫১ কিলোমিটার রেলওয়ে লাইনের সংস্কার করা হবে বলেও জানা গেছে। আরও জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে সেক্টরের গুরুত্ব বিবেচনা করে সরকার ‘একটি সুষম ও সমন্বিত উন্নয়ন’ নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চায়।

এসব উন্নয়ন পদক্ষেপ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) অধীনে বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তী পাঁচ বছরে ৮.৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্যের হার ১৫.৬ শতাংশ এর নিচে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। এসবের মধ্যে রয়েছে, নয়টি গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতু নির্মাণ, লেভেল ক্রসিং গেট নির্মাণ, কনটেইনার ডিপো স্থাপনসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, রেলওয়ে যোগাযোগের আওতায় ঢাকার সঙ্গে কক্সবাজার, মংলা সমুদ্রবন্দর, টুঙ্গিপাড়া, বরিশাল, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলকে যুক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

পরিকল্পনার মধ্যে রয়েছে, ট্রান্স-এশিয়ান রেলওয়ে এবং আঞ্চলিক রেলওয়ে যোগাযোগ বৃদ্ধি করা, আধুনিক কমিউটার ট্রেন পরিষেবা চালু করে আন্তঃজেলা শহরের যোগাযোগ বৃদ্ধি প্রভৃতি। এই মহাপরিকল্পনার আওতায় পাঁচ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ছয় ধাপে ২৩০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।