প্রেমিকাকে রেখে অন্যত্র বিয়ে করায় প্রেমিকের বাসায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের অনার্সপড়ুয়া এক ছাত্রী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুরে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার ইকবাল হোসেনের মালিকানাধীন বাড়ির ছয়তলায় চিকিৎসক প্রেমিকের ভাড়া ফ্ল্যাটে গিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। প্রেমিককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত প্রেমিক ঢাকার দোহার থানার রাধানগর গ্রামের ওমর আলীর ছেলে ফিরোজ আলম। স্থানীয় একটি পোশাক কারখানায় মেডিক্যাল অফিসার হিসেবে তিনি কাজ করতেন।
ছয় মাস আগে আরেক চিকিৎসককে বিয়ে করেন তিনি। নিহত নুসরাত মিম ওরফে কুলসুম (২৬) গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামের মৃত শাহজাহান তালুকদারের মেয়ে। সাভারেই একটি বেসরকারি হাসপাতালে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন তিনি।
পুলিশ জানায়, প্রেমিক বিয়ে করেছেন জানতে পেরে তাঁর ফ্ল্যাটে গিয়ে হাজির হন প্রেমিকা মিম। মিমকে ঘরে রেখেই বারান্দায় স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলতে যান ফিরোজ। পরে বারান্দার দরজা ঘরের ভেতর থেকে আটকে নিজের ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মিম।
আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।