তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের প্রেক্ষাপটে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে শাস্তি দিতে দেশ দুটি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন হয়েছে। রোববার (৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান সিম কাস্টেন, টম ম্যালিনভস্কি ও সুসান ওয়াইল্ড এ বিল উত্থাপন করেন। এক বিবৃতিতে এই তিন আইনপ্রণেতা বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি পুতিনকে সাহায্য করে তাহলে তার কাছেই তাদের নিরাপত্তা চাওয়া উচিত।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডের (আরটি) প্রতিবেদনে বলা হয়, তিন ডেমোক্রেট নেতা যুক্তি দিয়েছেন যে, ওপেক প্লাসের তেলের উৎপাদন কমিয়ে দাম বৃদ্ধির কৌশল হলো রাশিয়ার তেল রপ্তানি আয় বাড়ানোর জন্য।
তারা উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরাজয়’ ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার জন্য বৃহত্তর সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি নেতৃত্বাধীন ওপেক প্লাস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।