বাংলাদেশের ইতিহাসে ক্রস কান্ট্রি হাইকিং এ নতুন ইতিহাস সৃষ্টি করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসফিকুল হাসান টনি। ৬ অক্টোবর ভোর ৫ টা ৫৫ মিনিটে ১৬ দিন কঠিন অভিযান শেষে ৬০৭ কিলোমিটার পথ হাইকিং ও ট্রেকিং এর মাধ্যমে সামিট সম্পন্ন করেছেন তিনি।

তার সফল এই ক্রস কান্ট্রি হাইকিং এর প্রতিপাদ্য ছিল  Walk for life and earth  Stop global warming। এবার ভোমরা স্থল বন্দর টু সাকা হাফং (ভারত বর্ডার টু মিয়ানমার বর্ডার) পর্যন্ত ট্রেকিং করেন তিনি।

উক্ত অভিযানে ২৭ টি নদী, ৩ টি দীঘি, ৫৩ কিলোমিটার সমুদ্র বেড়িবাঁধের পথ, সুন্দরবনের অংশ, অসংখ্য খাল, বিল এবং চট্টগ্রাম ও বান্দরবানের ১২৩ কিলো পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে।
এই অভিযানে তাকে পা রাখতে হয়েছে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও বান্দরবান জেলায়। ৬০৭ কিলো পথের মধ্যে প্রথম ৪৮৪ কিলো ছিল সমতম পথ। যার মধ্যে প্রায় ৫৪ কিলো ছিল সমুদ্র উপকূলের বেড়ি বাধের রাস্তা। প্রায় ১০০ কিলো ছিল পাহাড়ি হাইকিং পথ এবং সর্বশেষ থানচি থেকে সাকা হাফং ২৩ কিলো ছিলো দুর্গম ও ভয়াবহ ট্রেকিং পথ। এই রূটে দেখা মিলেছে মেঘনা, রূপসা, কিত্তনখোলা, মংলা, বেলাই, বিষখালী, কর্ণফুলী, সাঙ্গু, আপার ভদ্রা, কালাবদর, ভোলা, যুগীখালী, দড়াটানা ফেনী নদী সহ মোট ২৭ টি নদীর। ৩ টা দীঘি, তেতুলিয়া, জয়মনি সহ বেশ কয়েকটি খাল, বিল, ক্যানেল, প্রত্ন নিদর্শন ইত্যাদি।

টনি বলেন, ২০২০ সালে বাংলাবান্ধা টু শাহপরীর দ্বীপ ক্রস কান্ট্রি ছিল আমার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা। সেই ঝুড়িতে আরো একটি দুর্ধর্ষ অভিযান যুক্ত হলো। বান্দরবান পর্যন্ত সবকিছু নিশ্চয়তার মধ্যেই ছিল। তবে বান্দরবান থেকে প্রতি ধাপে ধাপে ভীতি কাজ করেছে। একদিকে সন্ত্রাসীর ভয় অন্যদিকে বর্ডারে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা। তবুও হাল ছাড়ি নাই। সৃষ্টিকর্তাকে স্মরণ করে এগিয়ে গিয়েছি। ধৈর্য্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হয়েছে শেষ পর্বে। তবে ভাগ্য সহায় না হলে এটা সম্ভব হতো না। এ ধরনের অভিযানে ধৈর্য্যের পাশাপাশি প্রয়োজন হয় আত্মবিশ্বাসের এবং অবশ্যই কৌশলী হওয়া জরুরী। লক্ষ্যে পৌঁছাতে ঘন্টার পরে ঘন্টা রোদে পুড়তে হয়েছে। হুটহাট বৃষ্টিতে ভিজতে হয়ছে। কোমর পর্যন্ত পানির ঝিরিতে দীর্ঘ সময় হাঁটতে হয়েছে। প্রচন্ড স্রোতের রেমাক্রি খাল পাড়ি দিতে হয়েছে এবং শেষ অংশে মধ্যরাত থেকে পিচ্ছিল এবং সরু খাড়া পথ ধরে পাহাড়ে আরোহন করতে হয়েছে জোঁক কে সঙ্গী করে। দেশের মাটিতে এই ধরনের অভিযানে অংশ নিতে পেরে আমি আনন্দিত এবং নিজের একটু স্বপ্ন পূরণ হলো। এই অভিযানে অনেক মানুষের সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি সকলের প্রতি আমি ঋণী এবং কৃতজ্ঞ। সামনে আন্তর্জাতিক অভিযানে অংশ নেবো ইনশাআল্লাহ