শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তা ও যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তোলে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ এর উদ্বোধনের আগমুহূর্তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এটি যে কোনো বিষয় নিয়ে বইয়ের বাইরেও জ্ঞানের প্রসারতা ও গভীরতা বাড়াতে সহযোগিতা করে। এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে, বিতর্ক একজন মানুষকে পরমতসহিষ্ণু হতে শেখায়।
বিতর্কের মাধ্যমে সে জানে, একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরনের যুক্তি রয়েছে, তার পক্ষে-বিপক্ষে। তিনি বলেন, তিনদিনের এ বিতর্ক উৎসবে সারাদেশ থেকে বিতার্কিকরা অংশ নিয়েছেন।
এটি সম্ভবত বিতার্কিকদের সবচেয়ে বড় মিলন মেলা। মন্ত্রী বলেন, আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ চর্চাটি গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে নেই, সেখানে চালু করা হোক এবং যেখানে আছে, সেখানে আরও ভালোভাবে করা হোক। আর মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে ক্লাব ভিত্তিক বিতর্ক চর্চা গড়ে উঠবে বলে আশা করি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।