যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক খাদ্য উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। অনুষ্ঠানে আরো অংশ নিয়েছে- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা, পেরু, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট।

উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারি প্রতিনিধি চারশতাধিক অতিথি অংশ নেন। নিউইয়র্কের তুরস্ক কনস্যুলেটে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি খাবার উপভোগ করেন। উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশি বিবিধ পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়।

বাংলাদেশ কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি সমৃদ্ধশালী ও বৈচিত্র্যময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি আন্তর্জাতিক খাদ্য উৎসব উদযাপন করে থাকে। এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শনসহ সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। করোনাভাইরাস মহামারির কারণে গত দুবছর পর এ বছরই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উৎসবটি।