সৌদি আরবের সরকারবিরোধী টুইট করে ১৬ বছরের সাজার মুখে পড়েছে এক মার্কিন নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাদ ইব্রাহিম আলমাদি (৭২) নামের ওই ব্যক্তিকে গত নভেম্বরে রিয়াদ থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই সময় ফ্লোরিডা থেকে পরিবারের সঙ্গে দেখা করতে রিয়াদ গিয়েছিলেন। আলমাদির ছেলে ইব্রাহিম আলমাদি জানান, সে তার বাবাকে কারাগারে মরতে দেখতে চান না।

তার বাবাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইব্রাহিম। বিবিসির প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়নের দায়ে সাদ ইব্রাহিম আলমাদিকে দোষী সাব্যস্ত করেন সৌদি আদালত।

ইব্রাহিম আলমাদির অভিযোগ, শুধু টুইট বার্তা প্রমাণ হিসেবে দেখিয়েই তারা বাবাকে এই শাস্তি দেয়া হয়েছে। টুইটে দেখা গেছে, ইব্রাহিম মক্কা এবং জেদ্দা শহরের পুরানো অংশগুলো ভেঙে ফেলার সমালোচনা করেছেন। এছাড়া সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়েও টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ইব্রাহিম আলমাদি জানান, আইনজীবীরা তার বাবার ৪২ বছরের কারাদণ্ডের জন্য আবেদন করেন। তবে আদালত ১৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। দুই সপ্তাহ আগেই এই রায় দেয়া হয়। গ্রেফতার হওয়ার পর থেকে ইব্রাহিম তার বাবার সঙ্গে এখনো কথা বলতে পারেননি।

তবে সৌদি আরবে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তার বাবা ভালো আছেন। এদিকে যুক্তরাষ্ট্র এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায় দেয়ার সময় মার্কিন কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।

রিয়াদ এবং ওয়াশিংটন উভয় চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারের উর্ধ্বতন পর্যায়ে মামলার বিষয়ে ধারাবাহিকভাবে উদ্বেগ উত্থাপন করা হয়েছে বলে জানান, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল।